ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কারাগারে কয়েদিদের উপচে পড়া ভিড় সামলাতে কয়েদিদের ক্ষমা করছে ইকুয়েডর

কারাগারে থাকা কয়েদিদের উপচে পড়া ভিড় সামলাতে কিছু বন্দিকে ক্ষমা করে দিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের সরকার। সোমবার (২২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে পাঠানো বিবৃতিতে তথ্যটি জানানোর পর মঙ্গলবার (২৩ নভেম্বর) কয়েকজন কয়েদিকে ক্ষমাও করে দেওয়া হয়।


বুধবার (২৪ নভেম্বর) ইকুয়েডরের প্রেসিডেন্টের দফতরের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।


প্রতিবেদনে জানানো হয়, এবার ঠিক কোন ধরনের অপরাধীদের ক্ষমা করার তালিকায় ফেলা হয়েছে, সে সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য অবশ্য দেননি ওই কর্মকর্তা। এমনকি কত সংখ্যক অপরাধীকে এবার ক্ষমা করা হচ্ছে এবং মঙ্গলবার এই ক্ষমার আওতায় কতজনকে মুক্তি দেওয়া হয়েছে- তাও জানাননি তিনি।


কিন্তু তিনি বলেছিলেন, গুরুতর নয়- এমন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিদেরই ক্ষমা করছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো।


একই সঙ্গে যারা নিজেদের অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতিপত্রেও স্বাক্ষর করতে হচ্ছে মুক্তিপ্রাপ্ত কয়েদিদের।


সরকারি তথ্য অনুযায়ী- ইকুয়েডরের সব কারাগারে মোট কয়েদি ধারণ ক্ষমতা ৩৯ লাখ। তবে দেশটির কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে ৩০ শতাংশ বেশি কয়েদি অবস্থান করছে।


প্রেসিডেন্টের দফতরের ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, ইকুয়েডরের বিভিন্ন কারাগারে বর্তমানে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার ১৭০ জন কয়েদি বন্দি আছেন। তাদেরসহ সব বিদেশি কারাবন্দিদের দ্রুত নিজেদের দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

ads
ads
ads

Our Facebook Page

↑